নুরুল হাসান সোহান : অস্ট্রেলিয়া সিরিজ শেষে ‘অনেকদিন পর বাসায়’ ফিরে কী করলেন
স্পোর্টস ডেস্ক

“নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই। অনেকদিন পর বাসায় যাবো”। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান খেলার মাঠে সাকিব আল হাসানের উদ্দেশ্যে এমন কথা বলে ভাইরাল হওয়ার পর ঠিক কখন বাসায় গিয়েছিলেন, কী করলেন প্রায় তিন মাস পর বাসায় ফিরে?
বিবিসি বাংলাকে সোহান বললেন, সোমবার রাতে শেষ পর্যন্ত আর বাসায় ফেরা হয়নি তার। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা টিম হোটেল ছেড়েছেন মঙ্গলবার। বাসায় ফিরেই একজন অসুস্থ স্বজনকে নিয়ে হাসপাতালে যেতে হয় সোহানকে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।
খেলাধুলার পাশাপাশি পারিবারিক এই ব্যস্ততাও উপভোগ করেন বলে জানালেন সোহান।
৯০ দিন বাড়ি ফেরা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের, ঢাকায় থেকেও অনেকেই ঢাকার বাসাতেই যেতে পারেন না এখন কোভিড প্রটোকলের কারণে, তাই শেষ টি টোয়েন্টিতে যখন অস্ট্রেলিয়ার একটি উইকেট ফেলা বাকি তখন সাকিবের উদ্দেশ্যে নুরুল হাসান সোহান বলেন, ‘নেন ভাই নেন, তাড়াতাড়ি শেষ করেন ভাই। অনেকদিন পর বাসায় যাবো।’
স্ট্যাম্প মাইকে শোনা যায় এই কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুটো লাইনের ভিডিওটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এটা শেয়ার করছেন।
অনেকে বলছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে পাত্তা না দেয়ার কথা। কিন্তু নুরুল হাসান সোহান বলছেন, “আমরা যে পরিস্থিতিতে থাকি সেখানে আসল খেলা হয় খেলার মাঠের বাইরে। কোভিড পরিস্থিতি টানা হোটেলে থাকতে হয়, এই সময়টা খুব কঠিন। বাইরে থেকে বোঝা মুশকিল।




