মেসি-নেইমারের সঙ্গে খেলবেন রোনালদো ?
স্পোর্টস ডেস্ক

টাকায় কিনা হয়? যে মেসিকে দলে নিতে সাহসও করেনি অনেক বড় বড় ক্লাব, সেখানে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস, ডি মারিয়াদের মতো তারকাদের একই ক্লাবে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। এবার কী একই ক্লাবে দেখা যাবে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে? পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি যদি সত্যি সত্যিই চেয়ে বসেন রোনালদোকে, তবে তাকে থামায় কে!
পিএসজি যদি সত্যি সত্যি রোনালদোর দিকে হাত বাড়ায়, তা হলে অবাক হওয়ার কিছু নেই। জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির বর্তমান অবস্থা ঠিক সুবিধার নয়। ২০২২ সালের জুনে জুভেন্টাসের সঙ্গে চুক্তিও শেষ হয়ে যাবে রোনালদোর। ইতালীয় ক্লাবটির আর্থিক অবস্থাও এখন তেমন ভালো নয় যে ৩৬ বছরের রোনালদোকে আকাশছোঁয়া বেতন দিয়ে তারা দলে রাখবে। ফলে রোনালদোর সঙ্গে জুভেন্টাস চুক্তি নবায়ন করে কিনা, সেটি একটি বিরাট প্রশ্ন।
এ ক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয়; জুভেন্টাসের বর্তমান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি রোনালদোর খুব যে বড় ভক্ত, তা বলা যাবে না। ভদ্রলোক এর আগেও জুভেন্টাসের কোচ ছিলেন অনেক দিন। মাঝে দায়িত্ব ছেড়েছিলেন বছর দুয়েকের জন্য। আবারও ফিরেছেন। যখন জুভেন্টাস ছেড়েছিলেন, সেবার ‘লা রিপাবলিকা’, ‘স্পোর্তস মিদিয়াসেত’, ‘ফুতবল ইতালিয়া’সহ নির্ভরযোগ্য অনেক ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছিল, কোচের দায়িত্ব ছাড়ার পেছনে অন্যতম কারণ ছিল দলের সবচেয়ে বড় তারকা রোনালদোকে নিয়ে ক্লাবকর্তাদের সঙ্গে আলেগ্রির মতভেদ।
রোনালদোকে দলে আনার পেছনে যে ক্রীড়া পরিচালকের ভ‚মিকা ছিল সবচেয়ে বেশি, সেই ফাবিও পারাতিচিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পারাতিচি এখন টটেনহামে। আর রোনালদোকে দলে রাখার ব্যাপারে জুভেন্টাস যদি উদাসীন হয়, সেটিও হতে পারে পিএসজির জন্য অনেক বড় একটা সুযোগ, যে সুযোগটা এবার মেসির ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে পেয়ে গিয়েছিল তারা। মেসির মতো চাইলে তখন রোনালদোকেও কোনো দলবদল ফি ছাড়াই দলে আনতে পারবে প্যারিসের ক্লাবটি। তখন রোনালদোর সঙ্গে শুধু বেতন ও বোনাস নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলেই ব্যস, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বড় চার ফুটবল তারকা বসতি গড়বেন একসঙ্গে, পিএসজিতে।




