‘রক্ত দেব তবুও বালু দেব না’
সময় সিলেট ডেস্ক

‘জান দেব, মান দেব না; রক্ত দেব তবুও বালু দেব না’ স্লোগানে বাঁধ রক্ষায় দেশীয় অস্ত্র (রামদা, কিরিচ, রড, লাঠি) হাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর ঢালারপাড়বাসী অভিনব প্রতিবাদ জানিয়েছেন এবং বালুখেকোদের উচ্ছেদ করেছেন।
প্রতিবাদকারীরা জানান- কোম্পানীগঞ্জের ধলাই নদের পাড় থেকে ইজারাবহির্ভূত ঢালারপাড়-বুধবারি বাজারের বেড়িবাঁধের গোড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে উত্তর রাজনগর, মেঘারগাঁও, উত্তর ঢালারপাড়, ঢালারপাড় চকবাজারসহ কয়েকটি এলাকা হুমকিতে ফেলছে একটি প্রভাবশালী চক্র। সরকারি দপ্তরে অভিযোগ দিলে মাঝে-মধ্যে অভিযানে আসে প্রশাসন। কিন্তু হরহামেশাই বাঁধের গোড়া থেকে বালু উত্তোলন করছে বালুখেকোরা। তাই নিরুপায় হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষায় দেশীয় অস্ত্র হাতে অবৈধ বালু উত্তোলনকারীদের উচ্ছেদ করতে এ অভিনব প্রতিবাদ করেন তারা।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেনের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সিরাজুল হক প্রমুখ।




