মাইক্রোবাসচাপায় যুবদল নেতা নিহত : পরিবারের অভিযোগ হত্যাকাণ্ড
সময় সিলেট ডেস্ক
নিহত মনির হোসেনের বাবা তোতা মিয়া অভিযোগ করেন- ‘পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁদের দুজনকে হত্যা করা হয়েছে। যে মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে, তা বারৈচা এলাকা থেকে ভাড়া করা হয়। যারা এটি ভাড়া করেছিল, তাদের খোঁজ আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধেই করা অভিযোগের তদন্তে সহযোগিতার জন্য তারা দুজন পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিল।’
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নূর হায়দার তালুকদার জানান- মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে মহাসড়কে ওভারটেক করার সময় পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগের বিষয়ে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার জানান- ‘একটি অভিযোগের বিষয়ে তদন্তে সহযোগিতা করার জন্য আমি তাঁদের দুজনকে ডেকেছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ দুর্ঘটনার সঙ্গে তাঁদের প্রতিপক্ষের কোনো সম্পর্ক আছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।





