সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে : পররাষ্ট্রমন্ত্রী
সময় সংগ্রহ
এ কে আব্দুল মোমেন বলেন- একটি গোষ্ঠি দেশে–বিদেশে সরকার ও বাংলাদেশের নামে মিথ্যে ও গুজব সৃষ্টি করে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতন থাকার বিকল্প নেই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন- করোনার টিকার বিষয়ে আগামী ১৬ আগস্ট চীনের সঙ্গে চুক্তি হবে। চুক্তির দুই থেকে তিন সপ্তাহ পর দেশেই করোনার টিকা তৈরির কথা রয়েছে। সরকার করোনার সংক্রমণ রোধে টিকা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে সচেতন না হলে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। এ জন্য সকলকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
এসময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান- করোনা রোগীদের চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা সংযুক্ত করা হবে।
এ আয়োজনে আরও বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।





