কাবুল থেকে ফিরছেন ১২ বাংলাদেশী’সহ ১৬০ আফগান শিক্ষার্থী
সময় সিলেট ডেস্ক

আফগানিস্তানে আটকে পড়া ১২ বাংলাদেশী নাগরিক এবং ১৬০ জন আফগান শিক্ষার্থী দেশে ফিরছেন। তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরে আইএস-এর ভয়াবহ আত্মঘাতী হামলার কারণে তারা সেখানে আটকে পড়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার (২৮ আগস্ট) রাতে গণমাধ্যমকে তাদের দেশে ফেরার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন- ইতোমধ্যে তারা কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে- আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশী নাগরিক মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন।
এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন। কারণ তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।
ওই আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ বাংলাদেশী নাগরিকের গত বুধবারই দেশে আসার কথা ছিল। কিন্তু আইএসএর সন্ত্রাসী হামলার ফলে সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএস-এর আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।




