প্রখ্যাত রম্য লেখক আতাউর রহমান আর নেই : এসএমএস মিডিয়ার শোক
স্টাফ রিপোর্টার

প্রখ্যাত রম্য লেখক বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান আর নেই। (ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার (২৮ আগস্ট) ভোর ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
গুণী এই ব্যক্তি ১৯৪২ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবির আহমদ আবুল খায়রাতের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর নেন আতাউর রহমান। অবসরগ্রহণের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক, বক্তা হিসেবে পরিচিত তিনি। এ পর্যন্ত তাঁর ২৪টি বই প্রকাশিত হয়েছে।
আতাউর রহমানের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ মাদরাসা মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। সেখানেই পারিবারিক গোরস্থানে তাঁকে দাফর করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএমএস মিডিয়ার শোক : এদিকে, সিলেটের কৃতি সন্তান, প্রখ্যাত রম্যলেখক আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- এসএমএস মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা।
নেতৃবৃন্দ আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, একইসাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




