আনুষ্ঠানিকভাবে ছেলেমেয়েদের ‘সহশিক্ষা’ নিষিদ্ধ করল তালেবান
আন্তর্জাতিক সময়

আফগানিস্তানে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আর একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না ছেলে ও মেয়েরা। আজ রোববার আনুষ্ঠানিক ঘোষণায় এমনটা জানানো হয়েছে। বলা হয়েছে- পুরো আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়া-লেখা বা সহশিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করা হলো।
জানা গেছে- আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় টোলো নিউজের সাংবাদিক জাকির খান ইয়াদ জানিয়েছেন।
তিনি জানান- এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে-মেয়েরা আর একসঙ্গে পড়ালেখা করতে পারবেন না। ইসলামী আইন অনুযায়ী আলাদা ক্লাসে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।
এর আগে তালেবান নেতা মোল্লা ফরিদ বলেছিলেন- সমাজে পচন ধরার মূলেই রয়েছে ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা। বিকল্প কোনও রাস্তা নেই। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। নারী অধ্যাপকরা শুধু মাত্র মেয়েদেরই পড়াতে পারবেন।
উল্লেখ্য ; ২০০১ সালে তালেবানি শাসনের প্রথম-পর্ব শেষ হওয়ার পর গত দুই দশক ধরে আফগানিস্তানে ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনা বা ‘কো-এডুকেশন’ শিক্ষানীতি চালু ছিল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে। আফগানিস্তানে তালেবান আগ্রাসন ফিরতেই হেরাতে ফের পুরনো নীতি চালু করা হল। তালেবান নেতৃত্বের এই সিদ্ধান্তের জেরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিশেষ সমস্যা না-হলেও বেকায়দায় পড়বে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো, এমনটাই মত সে দেশের শিক্ষাবিদদের।




