শিগগিরই দেশে আনা হবে পাইলট ক্যাপ্টেন নওশাদের মরদেহ
সময় সিলেট ডেস্ক

মধ্য আকাশে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের মহারাষ্ট্রে মারা যাওয়া পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ শিগগির দেশে আনা হবে।
সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- ‘মরহুম ক্যাপ্টেনের মরদেহ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে বিমান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এতে আরও বলা হয়- বিমানের পক্ষ থেকে আগামীকাল বাদ জোহর মসজিদে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।
শুক্রবার মাসকাট থেকে ঢাকা অভিমুখী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-০০২২) চালানোর সময় মধ্য আকাশে ক্যাপ্টেন নওশাদ ‘বড় ধরনের হৃদরোগে’ আক্রান্ত হন। গত চার দিন ধরে তিনি ‘কোমায়’ এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। সোমবার তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।




