সিলেটের উপনির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা: জিয়াউদ্দিন বাবলু
স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলু বলেছেন- ‘নির্বাচনহীনতা মানে গণতন্ত্রহীনতা। দেশের জনগণ সিলেটের এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, এই নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে যে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে, তা কিছুটা হলেও সরকার অর্জন করতে পারবে।
আর এ উপনির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা, আমরা চাই সরকার এ পরীক্ষায় পাস করুক।’ মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে সিলেটের একটি হোটেলের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপনির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতিক নিয়ে লড়ছেন। উপনির্বাচন সামনে রেখেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু বলেন- ‘ভোট মানুষের সাংবিধানিক অধিকার, এটি নিশ্চিত করতে হবে। এই নির্বাচনে জোর করে ভোট হরণ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে শুধু সরকার নয়, সারা দেশ সংকটের মুখোমুখি হবে। ভোট কারচুপির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোটের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এজন্য সিলেটের উপনির্বাচনের মাধ্যমে সরকার একটি উদাহরণ সৃষ্টি করবেন যাতে করে ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে আসে।’
তিনি আরও বলেন- নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের মৃত্যু ঘটবে। করোনা পরিস্থিতি মাঝে অনুষ্ঠিত দুটি নির্বাচনে মাত্র ৩ ও ১০ শতাংশ ভোট পড়েছে। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। এ কারণে গণতন্ত্রের বিকাশের স্বার্থে আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। এতে নির্বাচন কমিশনেরও ভাবমূর্তি বৃদ্ধি পাবে।
তিনি বলেন- ‘বর্তমানে দেশে অন্যান্য দল যখন নির্বাচন বয়কট করেছে, সেখানে জাতীয়পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। মূলত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আমরা নির্বাচনে যাই। এজন্য ভোটাররা যাতে কোন রকম হয়রানিতে না পড়েন সেদিকে প্রশাসনের নজর রাখতে হবে। ব্যালটের মাধ্যমে যেই ফলাফল আসবে তা আমরা মাথা পেতে নেব, কিন্তু মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সে নিশ্চয়তা সরকার নিশ্চিত করতে হবে। ভোট মানুষের সাংবিধানিক অধিকার এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’
সিলেটে লাঙ্গলের জোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন- জনগন ভোট দেওয়ার সুযোগ পেলে আতিক বিপুল ভোটে বিজয়ী হবেন।
তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন- ভোট মানুষের একটা আমানত। আপনারা ৪ সেপ্টেম্বর লাইন ধরে ভোট প্রদান করুন। আপনাদের সিদ্ধান্তের উপরই আগামীর নেতৃত্ব। গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের আমানতের খেয়ানত হতে দিবেন না। সংবাদ সম্মেলনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক’সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




