সিলেট-৩: সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রশাসনের, প্রস্তুতি সম্পন্ন
স্টাফ রিপোর্টার

৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রচর-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনও। এখন কেবল ভোট গ্রহণের অপেক্ষা।
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এবং প্রতিটি উপজেলায় একজন করে অতিরিক্ত জেলা প্রশাসক নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান- সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। ভোটকেন্দ্রে থাকবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৮ থেকে ১৯ জন সদস্য। এদের মধ্যে পুলিশ আর আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে।
তিনি আরও বলেন- পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ২ সেপ্টেম্বর থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত তারা মাঠে থাকবে।
বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায়। ভোটগ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের চাহিদার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের অভ্যন্তরে কিংবা ভোট গণনা কক্ষের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন তারা।
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী।
সিলেট-৩ আসনের উপ-নির্বাচন নিয়ে সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম বলেন- সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিটি ইউনিয়নের একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় একজন করে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দিয়েছি। তারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন- ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে। এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সংশ্লিষ্ট সবাই কাজ করবে। আমাদের মধ্যে সমন্বয় রয়েছে।




