আফগানরা যেতে চায় ইউরোপ : পাকিস্তান-ইরানে নেই আগ্রহ
আন্তর্জাতিক সময়

আফগানিস্তানের তালেবান সৈন্যরা কাবুল দখলের পর আফগান নাগরিকরা বিমানবন্দরে নিয়োজিত বিদেশী সেনাদের কাছে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র দেখায় ‘তালেবান রাজধানীতে প্রবেশ করছে’ এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার আফগান নাগরিক কাবুল বিমানবন্দরে ভিড় করে। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয়ান দেশে যেতে মরিয়া হয়ে ওঠে।
গত (১৫ আগস্ট) তালেবান প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুল বিমানবন্দরে এমন দৃশ্য বিশ্ববাসী দেখেছে।
কিন্তু আফগানিস্তানের নাগরিকরা ইউরোপীয়ান দেশে যেতে মরিয়া হলেও সীমান্তের পাশের দেশ পাকিস্তান কিংবা ইরানে যেতে আগ্রহ দেখাচ্ছে না। জাতিসংঘের একজন মুখপাত্রের বক্তব্যে এমন বিষয় উঠে এসেছে।
বিশ্ব সংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একজন মুখপাত্র জানিয়েছেন, আফগান নাগরিকরা সীমান্ত পার হয়ে শরণার্থী হিসেবে পাকিস্তান-ইরানে যাচ্ছে না।
বাবর বেলুচ নামে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, খুব বেশি সংখ্যক আফগান শরণার্থী সীমান্ত পার হয়ে ইরান-পাকিস্তান যাচ্ছে না। গেলেও সেই সংখ্যা খুব কম। তবে এখন পর্যন্ত কতজন শরণার্থী পাকিস্তান-ইরানে গেছে সেটা জানাননি তিনি।




