সরকারি কর্মকর্তাদের বন্ধুত্বপূর্ণ আচরণের আহবান প্রবাসীকল্যাণ মন্ত্রীর
জৈন্তাপুর সংবাদদাতা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ জনগনের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিয়মতান্ত্রিক ভাবে কাজ না করলে প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়তে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা যাবে না।’
‘প্রশাসনে জনবল সংকট’সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এক্ষেত্রে প্রতিটি দপ্তর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং একই সাথে আমাকেও অবগত করতে পারেন। যতক্ষণ না খারাপ প্রমাণ হয়েছে, ততোক্ষণ আমরা সবাই ভাল মানুষ। মনে রাখতে হবে সরকারি চাকুরিজীবী হলেও আপনারা জনগনের সেবক। কাজে ফাঁকি, অবহেলা, অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
মন্ত্রী শুত্রুবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড’সহ সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।
আইনশৃংখলার বিষয়ে মন্ত্রী বলেন- ‘এক সময় থানায় শুধু এসআই মর্যাদার একজন কর্মকর্তা ছিল। কিন্তু বর্তমানে এএসপি’সহ একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পুলিশ অপরাধ দমনে জনগনের সহায়তা নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায়, পুলিশ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জনগণ এগিয়ে এসেছে।’
বিদ্যুৎ বিভাগের সমালোচনা করে বলেন- ‘কাগজে কলমে জৈন্তাপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, কিন্তু এখনও অনেক পরিবার বিদ্যুৎ সুবিধা পায়নি। বিদ্যুৎ পায়নি এমন পরিবার যদি আমার কাছে লিখিত অভিযোগ করে, তবে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মো. বশির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার সঞ্জিব কুমার দাস, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা, জৈন্তাপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহমদ ভূইয়া, কর্মচারীদের মধ্যে আলতাফ হোসেন, রুবেল আহমদ, কামরুজ্জামান, আয়শা সিদ্দিকা প্রমুখ।
এর আগে তিনি সারীঘাট উচ্চ বিদ্যালয়ের গার্লস ফেসিলিটিজি রুম, তৈয়ব আলী কারিগরি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ভোধন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে দরিদ্র ও দুস্থ্যদের মাঝে ঢেউটিন-নগদ অর্থ বিতরণ করেন।




