দেশে এখনও দক্ষ জনশক্তির অভাব রয়েছে: পরিকল্পনামন্ত্রী
স্টাফ রিপোর্টার
দেশে এখনও দক্ষ জনশক্তির অভাব রয়েছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন- ‘আমাদের পাশের দেশ নেপাল, ভারত, শ্রীলঙ্কার দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে বেশি টাকা রোজগার করে।’
এ দেশের প্রবাসীরা কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশে গেলে আরও বেশি টাকা রোজগার করতেন বলেও মন্তব্য করেন তিনি।
এসময় দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন- ‘দেশের প্রবাসী ভাই-বোনেরা রেমিট্যান্স যোদ্ধা, দেশের উন্নয়নে তাদের অবদান অস্বীকার করা যাবে না।’
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাও এলাকায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন- ব্রিটিশরা এদেশে বিভেদের বীজ রোপণ করেছিল আর পাকিস্তানিরা এদেশে বিভেদ চরম আকারে নিয়ে গিয়েছিল। আজকের বাংলাদেশে কোনো বিভেদ নেই। সারা দেশে সমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের মহাযজ্ঞ শুরু হয়েছে।
মন্ত্রী বলেন- বাংলাদেশের মানুষ মেশিনারিজ ব্যবহারের দিকে অনেক পিছিয়ে আছে। অথচ উন্নত বিশ্বের মানুষ মেশিনারিজের ব্যবহারের সবচেয়ে বেশি এগিয়ে আছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাজকর্মে মেশিনের ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে।
উন্নত দেশ জাপানের উদাহরণ দিয়ে এম এ মান্নান বলেন- জাপানিরা কাজের টেবিলে সবচেয়ে বেশি মারা যায় আর বাঙালি মারা যায় বিছানায়। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আমাদের বেশি মনোযোগ দিতে হবে। বাঙালি কোনো অধম জাতি নয় তারাও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ দেশের পিছিয়ে থাকা মানুষের কল্যাণে কাজ করে। হাওর এলাকার গরিব মানুষের জীবনমানের উন্নয়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এখন ঘরের মা বোনেরাও রাতে বিদ্যুতের বাতি জ্বালিয়ে কাজ করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম।





