রিজভী সাহেব কখন ডাক্তার হয়ে গেলেন: তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন- ‘বিএনপির এত বিদেশপ্রীতি কেন, সেটি একটি প্রশ্ন। দেশে কোনো ঘটনা ঘটলে দূতাবাসে দৌঁড়ায়, আর কারও একটু জ্বর উঠলে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে। এই বিদেশপ্রীতিটা কেন?’
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় সরকার খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে—বিএনপি নেতা রিজভী আহমেদের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন- ‘বেগম খালেদা জিয়া আদালত থেকে কোনো জামিন বা খালাস পান নাই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত মহানুভব, সে কারণে তিনি তাঁর সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করেছেন। এ জন্য বিএনপির বরং সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় ডাক্তাররা বলেছেন, বেগম জিয়া সুস্থ এবং ভালো আছেন। রিজভী সাহেব কখন ডাক্তার হয়ে গেলেন, তা জানি না।’
অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন বিষয়ে হাছান মাহমুদ বলেছেন- অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া এবং হাইকোর্টের নির্দেশনা এ ক্ষেত্রে শৃঙ্খলা বিধানে সহায়ক। তিনি বলেন- অনলাইন নিউজপোর্টাল রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। কারণ, ইতিমধ্যেই রেজিস্ট্রেশনপ্রাপ্ত ছাড়া আর কোনো অনলাইন ভবিষ্যতে বের হবে না বা আজকে যেসব পত্রপত্রিকা আছে, সেগুলো ছাড়া ভবিষ্যতে আর কোনো পত্রপত্রিকা বের হবে না, তেমন নিয়ম কোথাও নেই।
এ বিষয়ে আদালতের আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শৃঙ্খলা রক্ষায় সহায়ক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন- যেসব অনলাইন সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে কাজ করে না বরং নিজস্ব বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং যেমন ইচ্ছা তেমন অসত্য সংবাদ পরিবেশন করবে, গুজব রটনায় ব্যস্ত হবে, অন্যের চরিত্র হনন করবে, ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণের জন্য সেখানে লেখালেখি হবে, এটি কখনোই সমীচীন নয়, সে ক্ষেত্রে আদেশটি অবশ্যই সহায়ক।
আদালতের আদেশের লিখিত কপি পাওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই কিছু অনলাইন বন্ধ করা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন- ‘একই সঙ্গে এটি যে একটি চলমান প্রক্রিয়া, একটি প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন চলছে এবং যাচাই-বাছাই ছাড়া সবগুলোকে একসঙ্গে বন্ধ করে দেওয়া কতটুকু সমীচীন, সে ভাবনার বিষয়গুলো আদালতের কাছে উপস্থাপন করব।’
এর আগে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে নিবেদিত একগুচ্ছ কবিতা’র তুর্কি ভাষায় অনুবাদগ্রন্থের ওয়েবিনারে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।




