গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত
গোলাপগঞ্জ সংবাদদাতা

গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।
এছাড়া আহতরা হলেন- জলঢুপ গ্রামের পাথনুশপাড়া গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)।
জানা যায়- বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা কার ও মাল বোঝাই পিকআপ ভ্যান কানাইঘাট যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে আসলে মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ভিতর থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। তবে এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ২ জন নিহত হয়েছেন আর ৪ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।




