সরকার হটাতে লাঠিসোটা নিয়ে মাঠে নামুন: ডা. জাফরুল্লাহ চৌধুরী
সময় সংগ্রহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী
লাঠিসোটা নিয়ে মাঠে নেমে বর্তমান সরকারকে হটাতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আওয়ামী লীগ সরকারকে ‘ভোট ডাকাত’ বলে অভিহিত করে জাফরুল্লাহ বলেন, মিনমিন করা বাদ দেন, মাঠে নামেন। এই ভোট ডাকাতদের সরাতে চাইলে লাঠিসোটা যা আছে নিয়ে নেমে পড়েন। ভোট ডাকাতরা পালিয়ে যাবে।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী এ আহ্বান জানান
বিএনপির নেতাকর্মীদের প্রতি প্রশ্ন রেখে জাফরুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া কি মুক্ত? খালেদা জিয়া যদি মুক্ত হয়ে থাকেন তাহলে দেশবাসীর প্রত্যাশা কী ছিল? জিয়ার সমাধী জিয়ারত করার জন্য তাকে অন্তত হুইলচেয়ারে করে চন্দ্রিমা উদ্যানে নিয়ে যাবেন। উনি (খালেদা জিয়া) কি যেতে পেরেছেন?
জাফরুল্লাহ বলেন, তিনি (খালেদা জিয়া) একজন সাহসী মহিলা। তিনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন আমি বলেছিলাম ট্রানজিট দিয়েন না। তিনি আমার পরামর্শ নিয়েছিলেন। আজকে দেখেন ট্রানজিটে কী পরিমাণ লুট হচ্ছে। এজন্য বলি আমাদের খালেদা জিয়াকে দরকার। কারণ বর্তমানে এখন দেশের সবচেয়ে জনপ্রিয় একজন মানুষ খালেদা জিয়া।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ খেতে পায় না। সব জিনিসের দাম বেশি। এর চাইতে দুঃখী দেশ আমরা কখনও দেখিনি। যারা ক্ষমতায় আসেন তাদের মধ্যে ন্যূনতম মানবিকতা নেই। আমরা সমস্ত রাজনৈতিক দল একই মঞ্চে আসব- এটা আমি মনে করি না। একই মঞ্চে আসতে হবে এমনটা দরকারও নেই। সব জায়গা থেকে শুধুমাত্র এখন একই কথা উচ্চারণ করতে হবে। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, অপরিকল্পিতভাবে লড়াই হলে আবারও জেলে বন্দি হতে হবে। সেই ১৫ সালের মামলায় এখন অনেকে ঝুলছে। এখন যেন সরকারের সমালোচনা করতে সরকারের কাছেই দরখাস্ত লিখতে হয়। এদেশের মানুষ বিদেশের মাটিতে ঘরবাড়ি করতে চায় না। এদেশের মানুষ চায় একটু কথা বলার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কেএম আবু তাহেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়াম্যান বরকত উল্লাহ বুলু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।
সূত্র : সময় নিউজ (অনলাইন পত্রিকা)




