প্রধানমন্ত্রীর জন্মদিনে বুড়িগঙ্গায় নৌকা বাইচ
স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এটার আয়োজন করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বরিশুর লঞ্চঘাটে নৌকা বাইচের উদ্বোধন করবেন।
এ উপলক্ষে কামরাঙ্গীরচরস্থ শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ৮০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মঙ্গলবার বিশেষ কার্যক্রমের মাধ্যমে ৮০ লাখ ব্যক্তিকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। সারা দেশের সব ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় এই টিকা দেওয়া হবে। যারা ইতোমধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদের এই কার্যক্রমে প্রাধান্য দেওয়া হবে।




