সিইসিকে ‘ভুয়া’ লোক বললেন মির্জা আব্বাস
সময় সংগ্রহ
প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ভুয়া লোক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাত শেষে এ মন্তব্য করেন তিনি।
এদিন জাতীয়তাবাদী ওলামা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে দোয়ার আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্বাস বলেন, নির্বাচন কমিশন বর্তমানে কোনো ইস্যু না। ইস্যু হলো এ সরকারের অধীনে (কথা খুব পরিষ্কার) নির্বাচন হতে পারে না। ইতোপূর্বে কয়েকটা নির্বাচন দেখলাম তো। আপনারা দেখেছেন, যে সরকার নির্বাচনের আগের দিন ভোট চুরি করে ক্ষমতায় বসে, বাক্স ভর্তি করে ফেলে, ওই সরকারের অধীনে কীভাবে নির্বাচনে যাই? আর যে সরকার আমার নেত্রীসহ বহু নেতাকর্মীর বিরুদ্ধে অযথাই মামলা দিয়ে রেখেছে, গুম খুন করেছে?
নিরপেক্ষ নির্বাচনের দাবি বিএনপি কীভাবে আদায় করবে এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, বিএনপি ইতোপূর্বে বহুবার দাবি আদায় করেছে, এবারও করবে। সময়ের ব্যাপার। এটা সময়ের ব্যাপার।
আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ‘তত্ত্বাবধায়ক সরকারে ফেরার সুযোগ নেই’ এমন প্রশ্নে বিএনপি নেতা আব্বাস বলেন, আমার প্রশ্ন আওয়ামী লীগের কাছে এ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কি বিএনপি করেছিল? বিএনপির তো না! এ তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিল জামায়াতে ইসলাম। অতঃপর আওয়ামী লীগ এটাকে টেক ওভার করে। তারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আনতে বলে, তারপর আমরা এটা নিয়ে আসছি। গণতন্ত্রকে শ্রদ্ধা করি বলেই আমরা সেটাকে সংযোজন করেছিলাম। এখন ওরা বলছেন প্রয়োজনে সুযোগ নেই। তো… আওয়ামী লীগ পদত্যাগ করুক। আওয়ামী লীগ এখন পদত্যাগ করুক। তারপর যেভাবে দেশ চলে সেভাবে চলবে। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।
দোয়া মোনাজাতে ওলামা দলের সভাপতি নেসারুল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারসহ ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।





