আখাউড়া দিয়ে ২ হাজার কেজি ইলিশ গেল ভারতে
আন্তর্জাতিক সময়

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ২ হাজার কেজি ইলিশ মাছ রফতানি করা হয়েছে।
বাংলাদেশের রফতানিকারক বিডিএস করপোরেশন মাছগুলো পাঠিয়েছে। ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজ মাছগুলো আমদানি করেছেন।
মাছের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তাফা মোল্লা বলেন, ২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রফতানি বন্ধ ছিল। দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে ২ টন মাছ রফতানি করা হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা হবে।
সরকার দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ৫২ জন রফতানিকারকের ৪০ টন করে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছে। এরই অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ইলিশ মাছ রফতানি হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম বলেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ দিন পর ত্রিপুরা ইলিশ যাওয়ায় দুই দেশের ব্যবসায়ী ও মানুষের মাঝে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিডিপএস করপোরেশন ৪০ টন ইলিশ রফতানির অনুমতি পেয়েছে। আজকে ২ টন মাছ রফতানি করেছে। প্রতি কেজি ইলিশের দাম ১০ ডলার।




