কাশবনে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ : ক্ষোভে আগুন দিলো এলাকাবাসী
সময় সিলেট ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জের কাশবনে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসতেন শরতের সৌন্দর্য উপভোগ করতে। তবে এ নিয়ে এলাকাবাসীর অভিযোগ ছিল, কাশবনে অশ্লীল কর্মকাণ্ড হয়। তাই তারা কাশবনে আগুন দিয়েছেন।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশবনটির অবস্থান।
কাশবনটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সিলেটের বিভিন্নস্থান থেকে লোকজন কাশবনটিতে ঘুরতে আসেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কাশবনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন।
স্থানীয়রা জানান- শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। কাশবনের সৌন্দর্য দেখার নাম করে একদল মানুষ এখানে অশ্লীলতা সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলছে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে।
এদিকে এদিন কয়েকবার ছোট ছোট মারামারির ঘটনা ঘটেছে এখানে। যেকোনো সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে কাশবনে আগুন দেয়া হয় বলে জানা যায়।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির বলেন- কাশবনটি ব্যক্তিমালিকানাধীন জায়গায়। সরকারি জায়গায় হলে সেটি পর্যটন স্পটে রূপান্তর করা যেত।




