‘প্রবাসীদের জন্য রাজধানীর ভাটারায় হবে হাসপাতাল’
স্টাফ রিপোর্টার

প্রবাসী কর্মীদের জন্য রাজধানীর ভাটারায় একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বিদেশফেরত প্রবাসী কর্মীদের করোনা-পরবর্তী পুনরেকত্রীকরণ: বিশ্লেষণ ও করণীয়’ শীর্ষক এক সভায় এ কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী।
মন্ত্রী বলেন- সরকার প্রবাসী কর্মীদের প্রতি অনেক আন্তরিক। প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে আমাদের এক হয়ে কাজ করতে হবে। সরকার বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিকভাবে পুনর্বাসন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়া সরকার অভিবাসন সংশ্লিষ্ট সকল উন্নয়ন সহযোগী ও অংশীজনকে সঙ্গে নিয়ে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়ন ঘটাতে চায়।
সভাটি সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। সভায় অভিবাসন সংশ্লিষ্ট অংশীজন হিসেবে আইএলও, আইওএম, ওকাপ, রামরু, আইসিএমপিডি, বিএনএসকে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে উপস্থাপনা করে।
সভায় আরও বক্তব্য রাখেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, আইওএম’র বাংলাদেশের চিফ অব মিশন গিওরগি গিগারিও, আইএলও’র লেটেসিয়া ওইবেলসহ অন্যান্যরা।




