সিলেটের পুলিশ সুপারের মাতৃবিয়োগ : এসএমএস মিডিয়া’র শোক
সময় সিলেট ডেস্ক

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর মা ফাতেমা জাহান বানু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার সন্তান’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফাতেমা জাহান বানু’র প্রথম নামাজে জানাযা শুক্রবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. এমদাদুল হক’সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ। জানাযা শেষে ফাতেমা জাহান বানু’র লাশ নিয়ে পুলিশ সুপার তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের গোলপাশার উদ্দেশ্যে রওয়ানা হন।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার মো. লুৎফর রহমান জানান- মাসখানেক আগে ফাতেমা জাহান বানু স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেন। গত বুধবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে ওসমানী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসএমএস মিডিয়া’র শোক প্রকাশ : এদিকে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন-এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা।
দৈনিক সময় সিলেট’র বার্তাকক্ষে প্রেরিত এক যৌথ শোকবার্তায় এসএমএস মিডিয়া’র নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




