স্থানীয় নির্বাচনে বিএনপি নেতারা অংশ নিতে পারবে: ফখরুল
সময় সংগ্রহ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলের যে কেউ অংশ নিতে পারবে। তবে দলীয় প্রতীকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সেখানে আমাদের কোনো বাধা থাকবে না।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা দলগতভাবে পরিষ্কার বলেছি- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিপক্ষে। এখন আওয়ামী লীগ চিন্তা করছে দলীয় মনোনয়নে বা মার্কা বাদ দিয়ে নির্বাচন করার। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হলে গ্রামীণ রাজনীতি ও সমাজ পুরোপুরি বিভক্ত হয়ে যায়। সে কারণে আমাদের সিদ্ধান্ত দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবো না।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সে ক্ষেত্রে বিএনপি অতীত ও বর্তমানে জনগণের জন্য এটি স্বপ্নের রাষ্ট্র বাস্তবায়নে কাজ করছে। যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, তেমন রাষ্ট্র গড়তে কাজ করছে বিএনপি।





