ছাতকের সীমান্তে ভারতের ট্রাক চাঁপায় বাংলাদেশী শ্রমিকের মৃত্যু
ছাতক সংবাদদাতা

আতিকুর রহমান মাহমুদ, ছাতক (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তে চুনা পাথরবাহী ট্রাক চাঁপায় আকিব হোসেন (১৮) নামের এক বারকি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার পর নিহত শ্রমিকের লাশ ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে গেছে ভারতের পুলিশ।
সোমবার (১ নভেম্বর) দুপুরে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত আকিব হোসেন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো সোমবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাংলাদেশের সীমান্তের ইছামতি নদীর এলসি স্টেশনে বারকি নৌকা নিয়ে চুনাপাথর পরিবহন করতে যায় আকিব হোসেন। ভারতের চুনা পাথর ইনপোর্ট হয়ে ওই স্টেশন দিয়ে বাংলাদেশে আসে। সেখানে অন্যান্য নৌ-শ্রমিকের মতো সে ঘাটে তার নৌকাটি বেঁধে চুনা পাথরবাহী ট্রাকের অপেক্ষা করছিল। এক সময় স্টেশন অতিক্রম করে চুনাপাথরবাহী দ্রুত গতির ট্রাকটি নৌকা ঘাটে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে নৌকাসহ ওই শ্রমিককে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক আকিবের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভারতের পুলিশ। তারা নিহতের লাশ ও দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়।
ওইদিন দুপুরে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শামছুল আরিফিন। তিনি বলেন- লাশের সুরতহাল ও পিএম রিপোর্ট শেষ করে ভারতের আসাম মেঘালয় রাজ্যের থানা পুলিশ লাশ তাদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু মঙ্গলবার রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় পুলিশ শ্রমিকের লাশ হস্তান্তর করেনি। এদিকে, স্বজনরা লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।




