বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আবারও প্রথম সিলেট সিটি কর্পোরেশন
সময় সংগ্রহ

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে আবারও প্রথম স্থান অর্জন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি সরকারি দপ্তরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনকে বিষয়টি জানানো হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুল আলীম শাহ গণমাধ্যমকে বলেন- গত বছরও একইভাবে সারা দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট প্রথম হয়েছিল।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে- বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণগুলো মূল্যায়নে সিলেট সিটি কর্পোরেশন ১০০ নম্বরের মধ্যে ৯৭ দশমিক ১০ নম্বর পেয়েছে। এদিকে ১ নম্বরে থাকা সরকারি দপ্তর ঢাকা ওয়াসা পেয়েছে ৯৮ দশমিক ২৭ নম্বর। তবে গত বছর সারা দেশের সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম ও সরকারি দপ্তরের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রাপ্ত নম্বর ছিল ৯৮ দশমিক ৪০।
টানা দুই বছর এই সাফল্যকে সিলেট সিটি কর্পোরেশনের জন্য অনন্য এক অর্জন বলে মন্তব্য করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন- ‘এটি নিরবচ্ছিন্ন সেবার ফসল, অনন্য এক অর্জন। পরপর দুইবার দেশসেরা হওয়ার পুরো কৃতিত্ব আমি নগরবাসীকে উৎসর্গ করলাম। তাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য সবার কাছে সহযোগিতার আহ্বান থাকল।’
সৌজন্যে : প্রথম আলো




