ছেলের সঙ্গে হাতাহাতিতে পিতার মৃত্যু
স্টাফ রিপোর্টার

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি দহপাড়া গ্রামে ঘর তোলাকে কেন্দ্র করে পিতা-পুত্রের বাক বিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে পিতা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তারাজুল ইসলাম (৫৫) ছেলের কাছ থেকে আলাদা থাকতে বসতভিটাতেই ঘর নির্মাণ করছিলেন। কিন্তু তার ছেলে টুকু মিয়া (৩২) তাতে বাধা দেন। পিতা-পুত্রের বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতিও শুরু হয়। ওই সময় তারাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাড়িতে ভিড় জমায়। খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বগুড়ার গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম জানান, পিতা-পুত্রের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে পিতার আকষ্মিক মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




