সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ সংবাদদাতা

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- ডিজেলের দাম বেড়ে যাওয়া আসলেই চিন্তার বিষয়। তবে পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। কারণ ডিজেল কিংবা পেট্রল আমরা তৈরি করি না। যেখানে এসব উৎপাদন হয় সেখানকার মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। সেই দাম কাউকে না কাউকে বহন করতে হবে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন- সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকেও সব খোঁজখবর রাখছেন। আমরা চেষ্টা করবো যাতে ব্যথাটা কমে। তবে ধর্মঘট করে হরতাল করে বেশি একটা উপকার হবে না। সবার মত প্রকাশ করার অধিকার আছে। ধর্মঘট এর সমাধান নয়। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।
মন্ত্রী আরও বলেন- বাংলাদেশের নিম্ন আয়ের মানুষকে শেখ হাসিনা খুব ভালোবাসেন। তাদের কথা সব সময় চিন্তা করেন, কী করে তাদের জীবনে উন্নীতি করা যায় সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন।
এর আগে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। পরে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ্র, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ।




