রূপগঞ্জে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আদালতে রিট
সময় সিলেট ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস জুস ফ্যাক্টরির আগুনে পুড়ে হতাহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে আদালতে একটি রিট আবেদন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারের জন্য ১ কোটি ও আহত প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) ব্লাস্ট্রের আইনজীবী ব্যারিস্টার শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে গত সপ্তাহে আমরা রিট করেছি। আজকে শুনানির জন্য তালিকায় আছে।
চারটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
তিনি আরো বলেন- হাইকোর্টের একটি দ্বৈত রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। তিনি বলেন- আমরা জানতে পেরেছি নিহত ও আহত শ্রমিকদের নিকট থেকে লিখিত নেওয়া হয়েছে। তাদেরকে দুই লাখ টাকা দিয়েছেন। তাই আমরা ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছি।
মানবাধিকার সংগঠনগুলো হলো- আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।
উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের জুস কারখানায় আগুন লেগে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সেখান থেকে ৫২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আহত হন আরও কমপক্ষে ২৫ শ্রমিক।
ওই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় প্রতিষ্ঠানটির মালিক (সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক) আবুল হাসেম, তার ছেলে হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ ও প্রকৌশলী মো. আলাউদ্দিনকে আসামি করা হয়েছে।
গত ১৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের (সেজান জুস) কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।




