শাহ আব্দুল করিম বিশ্বময় বাংলার গৌরব: সংস্কৃতি প্রতিমন্ত্রী
দিরাই সংবাদদাতা

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন- বিশ্বময় সুনাম অর্জনকারী শাহ আবদুল করিম বাংলাদেশের গৌরব। তিনি বলেন- লোকসংস্কৃতির উর্বর ভূমি সুনামগঞ্জের সুনাম বিশ্বব্যাপী রয়েছে। হাছন রাজা, আব্দুল করিম, রাধারমণসহ অসংখ্য গুণী মানুষ সুনামগঞ্জের মাটিতে জন্ম নিয়েছেন। তাদের গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন।
শনিবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে দিরাই উপজেলার উজান ধল গ্রামে বাউল শাহ আবদুল করিম যাদুঘর পরিদর্শনে প্রতিমন্ত্রী কেএম খালিদ এসে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন- ‘দিরাইয়ে শাহ আবদুল করিম সাংস্কৃতিক কেন্দ্র অল্প সময়ের মধ্যেই নির্মাণ করা হবে। এছাড়া দেশের প্রখ্যাত ২২ লোককবির নামে স্মৃতি জাদুঘর নির্মিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় ওই ২২ গুণি মানুষের ভিটেমাটি পরিদর্শন করছি আমি।’
দিরাই সফরকালে তিনি প্রথমেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন’র কার্যালয়ে এসে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকালে তিনি ধামাইল গানের জনক রাধারমণের বাড়ি জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রাম পরিদর্শন করেন।
সফরকালে তার সঙ্গে ছিলেন- প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আলতাফ হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান, ওসি মো. আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হোসেন, করিম পুত্র শাহ নূরজালাল সহ স্থানীয় সংস্কৃতি কর্মীরা।




