এবার মহাসমাবেশের ডাক বিএনপি’র: দাবি পূরণ না হলে কঠোর অবরোধ
সময় সংগ্রহ

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি না দিলে সারাদেশে অবরোধ কর্মসূচি দিবে বিএনপি। এমন হুশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- বিএনপি চেয়ারপারসন এতোটাই অসুস্থ যে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষনে আছেন।
গণঅনশন কর্মসূচি থেকে একই দাবিতে আগামী ২২ নভেম্বর সারাদেশে মহানগর ও জেলায় সমাবেশের ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে। এছাড়াও চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা।
শনিবার (২০ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে বিএনপির গণঅনশন কর্মসূচি। এ সময় কার্যালয়ের সামনে গণঅনশনের অস্থায়ী মঞ্চ ছাপিয়ে কর্মী-সমর্থকদের অবস্থান হয় নাইটেঙ্গল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত। পরবর্তীতে বিকেল চারটায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।
বিএনপি নেতারা হুশিয়ারি দিয়ে বলেন- বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি না দিলে, কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে সরকারকে।
বিএনপির এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীরা। তারা বলেন- রাষ্ট্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বিদেশে চিকিৎসা খালেদা জিয়ার মৌলিক অধিকার। খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে সরকারের শুভবুদ্ধির উদয় ঘটবে।




