সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ বুধবার
স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।
রোববার দুপুরে দুজনকে অভিযুক্ত করে আদালতে এই আবেদন জমা দেন তানভীর আক্তার খান নামের এক আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক। মামলায় মুরাদ ছাড়াও নাহিদ রেইনসকে অভিযুক্ত করা হয়েছে।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম আবেদনটি গ্রহণ করে আগামি ১৫ ডিসেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা এ টি এম ফয়েজ উদ্দিন বলেন, আদালত মামলার এজাহার গ্রহণ করে ১৫ ডিসেম্বর আদেশের তারিখ নির্ধারণ করেছেন।
ফয়েজ বলেন, ‘সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য তানভীর আক্তার খান বাদী হয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলার আবেদন করেছেন। আমরা আশা করছি, মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন।’
তিনি বলেন, ‘আপনারা সবাই অবগত, এই মুরাদ হাসান বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। ইতোমধ্যে তিনি সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এরকম ন্যক্করজনক বক্তব্য রেখেছেন। সর্বোপরি জিয়াউর রহমানের পরিবার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। সর্বশেষ তারেক রহমানের কন্যা, যিনি ব্যারিস্টারি পড়ছেন লন্ডনে, তিনি বাংলাদেশের কোনো রাজনীতিতে সম্পৃক্ত হন নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে জাইমা সম্পর্কে যে ভাষায় বক্তব্য রেখেছেন, সেটা প্রকাশ করতে আমরা নিজেরাই লজ্জিত হচ্ছি। আমরা মনে করি, তাকে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত।
মামলার বাদী তানভীর আক্তার খান বলেন, দায়িত্বশীল পদে থেকে মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তা পুরো নারী জাতির জন্য অবমাননাকর। এমন বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে আমি মামলা করেছি। আদালত ২০০ ধারায় আমার বক্তব্য গ্রহণ করেছেন এবং ১৫ তারিখ আদেশের জন্য ধার্য্য করেছেন।’
সম্প্রতি নাহিদ রেইনসের ফেসবুক পেজ থেকে লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য করেন মুরাদ হাসান। এতে সমালোচনার ঝড় ওঠে। এরপর এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এনিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। গত মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ।
গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়ের মুরাদ। কিন্তু কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।




