চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগপত্র
সময় সংগ্রহ

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
মোট পাঁচজনের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বাকি আসামিরা হলেন- জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্লাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২ আগস্ট রাতে সাংবাদিক আবদুর রহমান তুহিন বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এতে হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, সরকারের অনুমোদন না থাকা সত্বেও আসামিরা জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োগ করেন। তারা মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নিয়ে প্রতারণার মাধ্যমে তা আত্মসাৎ করেন। সেইসঙ্গে তারা প্রতি মাসে প্রতিনিধিদের কাছ থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করতেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি।




