নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজে বিজয়ের বর্ষপূর্তি উদযাপন
সময় সিলেট ডেস্ক

সিলেট নগরীর উপশহরস্থ নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজে আজ ২১ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের বিজয়ের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, অভিভাবকদের কুইজ এবং শিক্ষকদের জন্যে পিঠা তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য বলেন- বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করার জন্যে তাদেরকে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানাতে হবে।
নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ কবি নাজমুল আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক ক্বারী মাওলানা কামরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের রেক্টর জনাব ওমর শরীফ নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, নলেজ হারবারের পরিচালক রোটা. শহিদুর রহমান স্বপন, এইচবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম হিরণ।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী সৈয়দ সাইমুম আনজুম ইভান বিজয়ের কবিতা আবৃত্তি করেন। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা গান ও কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষিকা রাহিমা সুলতানা লিলি এবং কানিজ মোস্তফা রিমু।
অনুষ্ঠানের শেষ পর্বে শীতকালীন পিঠা পরিবেশন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




