কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন শতবর্ষী পরিবান বিবি
জগন্নাথপুর সংবাদদাতা

বয়সের ভারে শরীরটা ন্যুব্জ হয়ে পড়েছে। চলাচলের ক্ষমতাও কমে গেছে। এমনকি চোখে যা একটু দেখা হয় সেটাও অস্পষ্ট। তারপরও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আত্মীয় শরিফুলের কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন প্রায় শতবর্ষী পরিবান বিবি।
গত রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৯নং জমাতউল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। ঘিপুরা গ্রাম থেকে ভ্যানে করে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। এরপর সেখান থেকে আত্মীয়ের কোলে করে ভোটকক্ষে যান। তার অবস্থা দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা অন্যদের থেকে আগেই ভোট দেওয়ার সুযোগ করে দেন।
বৃদ্ধা পরিবান বলেন- জীবনের শেষ সময়ে এসে আত্মীয়ের কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় খুব ভালো লাগছে আর ভোট দিতাম পারমু কিনা আল্লাহ ভালো জানেন। শরীর আর চলে না। তারপরও ভোট দিতে পারায় আমি খুশি।
আত্মীয় শরিফুল বলেন- বাড়িতে গিয়ে মেম্বার প্রার্থীরা জোরাজুরি করছিলেন উনাকে নিয়ে যেন ভোটটা দিয়ে আসি। তিনি চলাফেরা করতে পারেন না। ভ্যানে করে কেন্দ্রে নিয়ে আসি। এরপর কোলে করে কক্ষে নিয়ে গেলে তিনি ভোট দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথপুরের ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২৪৯ এবং নারী ভোটার ৬৯ হাজার ৮২৩ জন। মোট কেন্দ্র ৭৭টি।




