গোলাপগঞ্জে নৌকার প্রার্থী হারালেন জামানত : এক কেন্দ্রে জুটল ২ ভোট
সময় সংগ্রহ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে ১০টি ইউপিতে রবিবার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে গোলাপগঞ্জের ১০টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকার প্রার্থী বিজয়ী হলেও বাকি ৬টি ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়। ৬টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ২টিতে স্বতন্ত্রের মোড়কে জামায়াত নেতা ও ১টিতে জাতীয় পার্টি এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন।
এ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নৌকার সমর্থিত প্রার্থী ছিলেন আব্দুল করিম খান। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে লড়াইয়ে আসতেই পারেননি। মোট ১১টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন মাত্র ১৩৯টি। হারিয়েছেন জামানতও।
১১টি ভোট কেন্দ্রের মধ্যে পূর্ব ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন মাত্র ২ ভোট!
লক্ষণাবন্দ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২৪৮। এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী খলকুর রহমান ৯ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অজি মোহাম্মদ কাওছার পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট।
নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম খান জানান- আমার গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় লক্ষণাবন্দ ইউনিয়নের কেউ নৌকা নিতে চায়নি। শেষ মুহূর্তে মান বাঁচাতে আমি নৌকার প্রার্থী হয়েছি। এছাড়াও এ ইউনিয়নে স্থানীয় বেশির ভাগ নেতাকর্মী আমার সাথে ছিল না। আর যারা ছিল তারা শুধু লোক দেখানোর জন্য ছিল। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সাথে থাকলে জয়ী না হলেও একটি সম্মানজনক ভোট পেতাম।




