লঞ্চে অগ্নিকাণ্ড: আরও ৩ দিন সময় পেল তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে আরও ৩ কর্মদিবস সময় পেলো নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বুধবার (২৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- কমিটি ৫ কর্মদিবস সময় চেয়েছিল, তাদের ৩ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আগামী রবিবার (২ জানুয়ারি) কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিকে দেওয়া তিন কর্মদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শেষ হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৬ জন।
এই দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।




