বিশ্বনাথ-খাজাঞ্চী ও কামালবাজার সড়ক সংস্কার শীঘ্রই: মোকাব্বির খান এমপি
বিশ্বনাথ সংবাদদাতা

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন- বিশ্বনাথ খাজাঞ্চী ও কামালবাজার সড়কের দু’পাশ ভরাট কাজ শুরু হয়েগেছে। এ কাজ শেষ হলেই বিশ্বনাথ-খাজাঞ্চী ও কামালবাজার সড়ক বর্ধিত করা হবে এবং সংস্কার কাজ শুরু করা হবে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খাজাঞ্চি একাডেমী এন্ড হাইস্কুলে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও বাতিঘরের পরিচালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মোকাব্বির খান বলেন- সরকারের চলমান উন্নয়নে ব্রিজ-কারভার্ট, গভীর ও অগভীর নলকূপসহ যেখানে যা প্রয়োজন তা দেওয়া হচ্ছে। কিন্তু কিছু সংখ্যক চেয়ারম্যান সরকারের এ উন্নয়নের নামে ৩০-৩৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। যারা এ দুর্ণীতি করছেন তারা কখনও জনগনের সেবক হতে পারবেন না। কারণ তারা খাদক!

এর আগে প্রায় ৫লাখ টাকা ব্যয়ে (২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রথম পর্যায়) কর্মসূচীর আওতায় একাডেমীর সামনের খালে কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মোকাব্বির।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ট্রাস্টের কর্ণধার ও পৃষ্ঠপোষক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত রফি, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক তজম্মূল আলী রাজু এবং উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাতিঘরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী আব্দুল কাদির।
সভা শেষে খাজাঞ্চি ইউনিয়নের বিলপাড় ও গোবিন্দ নগরের নদী ভাঙ্গনের স্থানসহ বেশ কিছু স্থান পরিদর্শন করে উন্নয়নের আশ্বাস দেন এমপি মোকাব্বির। এ সময় প্রীতিগঞ্জ থেকে হামদরচক রাস্তাসহ সবকটি রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলেও আশ্বাস তিনি।




