অপকর্মে লিপ্তদের পুলিশে ঠাঁই নেই: আইজিপি
সময় সিলেট ডেস্ক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন- যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকে পরিত্যাগ করবো। পুলিশ বাহিনীতে তার কোনো আশ্রয় নেই।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শিল্ড প্যারেড, মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজপি বলেন- আমরা চাই না পুলিশ বাহিনীর কোনো সদস্য অপকর্মে লিপ্ত হন। আমাদের পুলিশ বাহিনীর প্রতি সদস্যের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।
একইভাবে যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকেও আমরা অবশ্যই শরীরের কোনো জায়গায় পচন ধরলে যেমন কেটে ফেলে হয় তেমনভাবে আমরা তাকে পরিত্যাগ করবো। পুলিশ বাহিনীতে তার কোনো আশ্রয় নেই।
ড. বেনজীর বলেন- আমরা নিজেদের কোনো অপকর্মের মাধ্যমে, নিজেদের কোনো অন্যায় আচরণের মাধ্যমে সংবাদ হতে চাই না। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সংবাদ হতে চাই।
আইজিপি আরও বলেন- আমরা প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছি। কিন্তু সমাজের যে প্রত্যাশা তা কখনো কখনো আমাদের সীমাবদ্ধতা-সামর্থ্যকে ছাড়িয়ে যায়। পুলিশের প্রতি মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে ব্রতী হবে। সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে গণমানুষের প্রত্যাশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।




