রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, জরিমানা
দিনাজপুর সংবাদদাতা

দিনাজপুরের পার্বতীপুরে রেল ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ দখলে থাকা বাসাবাড়ি এবং জলাশয় দখলমুক্ত করা হয়েছে। এ সময় জবা নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। অভিযানকালে অবৈধ দখলদারদের কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী শহরের কালীবাড়ি, নতুনবাজার, ঢাকা মোড়, বাইপাস সড়ক ও ভবানীপুর রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে কানুনগো জিয়াউল হক জিয়া এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান- রেলের শহর পার্বতীপুর একটি ঐতিহ্যবাহী জনপদ। কয়েক যুগ ধরে এখানকার কিছু অসাধু মানুষ রেলের জমি ও স্থাপনা বেআইনিভাবে ভোগদখল করে আসছে। রেলের সম্পত্তি বিপুল অর্থের বিনিময়ে কেনা-বেচা অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে রেলের জমিতে নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং যারা দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে আছে, তাদের উচ্ছেদ করতেই আজকের এ অভিযান।
তিনি বলেন- অভিযান চলাকালে ২৬টি অবৈধ স্থাপনা সিলগলা, বাসাবাড়ি ও জলাশয় দখলমুক্ত ও সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।




