বিয়েবাড়ির আতশবাজি থেকে আগুনে পুড়ল তিন বসতঘর
চট্টগ্রাম সংবাদদাতা

টেকনাফে বিয়েবাড়ির অনুষ্ঠানে ফোটানো আতশবাজি থেকে আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর। শুক্রবার (২৮ জানুয়ারি) ৩ টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোণা এলাকায় আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
রাহমত করিমের আকদ অনুষ্ঠানের আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়দের অনেকে। এই আগুনে পুড়ে ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন স্থায়ীরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশি হতে পারে বলে জানায় তারা।
স্থানীয়রা জানায়- আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি তিন বসতঘর। আগুন ছড়িয়ে পড়লে আব্দু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও মৃত আমির হোসেনের ছেলে আব্দু শুক্কুরের বাড়ি পুড়ে ছাই হয়।
স্থানীয় মেম্বার বশির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন- আগুনের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অনেকে জানান- এই ধরনের আতশবাজি বন্ধ না হলে বিভিন্ন সময় আগুনের সূত্রপাতের কারণে গরিব প্রতিবেশীদের বাড়িঘর পুড়ে নিঃস্ব হয়ে যাবে। প্রশাসনের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।




