ইকবাল আহমদ চৌধুরী আর নেই : এসএমএস মিডিয়ার শোক
সময় সিলেট ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শনিবার (২৯ জানুয়ারি) রাত ১২টা ২০মিনিটের সময় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা।
ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।
ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
তিনি ছিলেন- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সিলেটের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১৯৪২ সালের ১৭ জুলাই গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলনে জড়িত ছিলেন। শিক্ষা জীবনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সক্রিয় ছাত্র রাজনীতি করেন। আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদের মতো জাতীয় নেতারা ছিলেন তার রাজনৈতিক সহযোদ্ধা।
ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রথম দফায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইকবাল আহমদ চৌধুরী ২০০৪ সালে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। আমৃত্যু সে দায়িত্ব পালন করে গেছেন। তিনি স্কাউটসে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রৌপ্যপদক লাভ করেন।
এদিকে, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসএমএস মিডিয়া লিমিটেড সিলেট-এর নেতৃবৃন্দ।
দৈনিক সময় সিলেট’র বার্তাকক্ষে পাঠানো এক যৌথ শোকবার্তায় এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান দানবীর সেলিম জে আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আ ক ম এনামুল হক মামুন ও পাবলিসিটি এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর সাইফুল ইসলাম রানা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবাবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




