সিলেটে শৈত্যপ্রবাহ অব্যাহত : হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা
সময় সিলেট ডেস্ক

সিলেটে ২য় দিনের মতো রবিবার (৩০ জানুয়ারি) মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। তবে শনিবার থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। সোমবার ও মঙ্গলবার মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। বুধবার ও বৃহস্পতিবার নাগাদ সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কিছুটা হলেও হৃাস পাবে। এরপর কয়েকদিন বিরতি দিয়ে ফের শৈত্যপ্রবাহ নামতে পারে।
রবিবার সিলেটে সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এদিকে, সিলেট ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে রবিবার বয়ে গেছে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ। এসময় নতুন কিছু এলাকায় শীতের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায়- দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে- সিলেটের পাশাপাশি দেশের টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলা এবং সীতাকুন্ড উপজেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে রবিবারও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল। এসব স্থানে শৈত্যপ্রবাহ দুয়েক দিন অব্যাহত থাকতে পারে।
রবিবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রবিবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে। এছাড়াও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৩ দশমিক শূন্য, ময়মনসিংহে ১১ দশমিক ২, চট্টগ্রামে ১২ দশমিক ৫, সিলেটে ১১ দশমিক ৯, রাজশাহী ৮ দশমিক ৬, রংপুরে ৯ দশমিক ২, খুলনায় ১১ দমমিক শূন্য এবং বরিশালে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।




