জানুয়ারিতে শিশু ও নারীসহ ধর্ষণের শিকার ৭০
সময় সিলেট ডেস্ক

এ বছরের জানুয়ারিতে ২৭২ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছেন। যাদের মধ্যে ২৯ শিশুসহ ৭০ জনকে ধর্ষণ করা হয়েছে।
এ তথ্য জানিয়েছে- বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ। মঙ্গলবার দেওয়া এই প্রতিবেদন ১৩টি জাতীয় দৈনিক থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই তৈরি করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়- জানুয়ারিতে ৬ জন কন্যাশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং দুই কন্যাশিশু ধর্ষণের ঘটনায় আত্মহত্যা করেছে। এছাড়াও ৫ জন শিশুসহ ১০ নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
এই সময়ের মধ্যে ৩ কন্যাশিশুসহ পাঁচ জন নারী যৌন সহিংসতার শিকার হয়েছেন, তাদের মধ্যে দুজনকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- ১২ জন মেয়েসহ ১৬ জন নারীকে যৌন হয়রানি করা হয়েছে।
সেইসঙ্গে চলতি বছরের জানুয়ারিতে ৬ কন্যাশিশুসহ ১০ জন নারীকে অপহরণ করা হয়েছে এবং যৌতুকের কারণে ১৮ জন নারীকে নির্যাতন করা হয়েছে। যাদের মধ্যে যৌতুকের কারণে ১ কন্যাশিশুসহ ১২ জনকে হত্যা করা হয়েছে।
এই সময়ে ৪৪ জন নারী ও কন্যাশিশুকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে এবং ৬ কন্যাশিশুসহ ১৮ জন নারীকে হত্যার চেষ্টাও করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়- ৬ শিশুসহ মোট ৪৭ জন নারী ও কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে চারটি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে।
জানুয়ারিতে ৬ জন নারী ও কন্যাশিশু সাইবার ক্রাইমের শিকার হয়েছে।




