আগামী নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী
সময় সিলেট ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- দেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে। কারণ আওয়ামী লীগ দেশকে বদলে দিয়েছে এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ওপর আমাদের আস্থা আছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দেওয়া সংক্ষিপ্ত প্রারম্ভিক ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন- ‘আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে। কারণ দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ওপর আমাদের আস্থা আছে।
আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন- আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। দেশের কেউ গৃহহীন থাকবে না, শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।
শেখ হাসিনা আরও বলেন- করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।




