তাহিরপুরে নৌকার দুই চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সপ্তম ধাপে সোমবার জেলার তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থী জামানত হারানোর বিষয়টি গোটা জেলা ও উপজেলায় আলোচনা- সমালোচনার খোরাক জুগিয়েছে।
জামানত হারানো প্রার্থীরা হলেন- বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সুজাত মিয়া এবং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের অপর চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা নির্বাচন অফিস জানায়- উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী মো. সুজাত মিয়া নৌকা প্রতীকে ৪৫৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন ঘোড়া প্রতীকে ১১ হাজার ৫০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৩০৪ জন। ভোট কেন্দ্র ১২টি। সোমবার এ ইউনিয়নে ভোট কাস্টিং হয়েছে ২৩ হাজার ৮৪৯টি। এর মধ্যে অবৈধ ভোট ৩৮৮টি।
অপরদিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী মো. সাইফুল ইসলাম নৌকা প্রতীকে ৭৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনুছ আলী মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৪৭ জন। ভোট কেন্দ্র ৯টি। সোমবার এ ইউনিয়নে ভোট কাস্টিং হয়েছে ১১ হাজার ৩১৯টি। এর মধ্যে অবৈধ ভোট হলো ১৫৮টি।
উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয় সোমবার। নির্বাচনে সাত ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত সাত প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়া ছাড়াও একে একে সাত প্রার্থীরই ভরাডুবি হয়েছে।




