তামিমকে অধিনায়ক করে আফগানিস্তানের বিরুদ্ধে দল ঘোষণা
স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিন ম্যাচ সিরিজের জন্য তামিম ইকবালকে অধিনায়ক করে ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি।
আগামী ২৩ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার—ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও ইয়াসির আলী, স্পিনার নাসুম আহমেদ ও পেসার ইবাদত হোসেন। মাহমুদুল, ইয়াসির ও ইবাদতের টেস্ট অভিষেক হলেও সীমিত ওভারের ক্রিকেটে তারা আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। নাসুম খেলেছেন শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
সর্বশেষ গত বছর অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার—মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাঈম, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। চোটের কারণে দলে নেই মোহাম্মদ সাইফউদ্দিন।
২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।
ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ ও আফগানিস্তান ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে, সে ম্যাচগুলো হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশের ওয়ানডে দল :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান।




