সিলেটের মুন্না মরিশাস জাতীয় দলের কোচ নিযুক্ত
স্টাফ রিপোর্টার

সিলেটের কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় মঈনুল ইসলাম মুন্না মরিশাসের জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ নিযুক্ত হয়েছেন। মরিশাস ব্যাডমিন্টন এসোসিয়েশন আগামী তিন বছরের তার সঙ্গে চুক্তি করেছে বলে জানিয়েছেন মঈনুলের ব্যাডমিন্টন কোচ শিব্বির আহমদ। মঈনুল ইসলাম মুন্না দক্ষিণ সুরমার বরইকান্দি কাজিরখলা গ্রামের কামাল মিয়ার পুত্র।
বাংলাদেশ জাতীয় দলের প্রশিক্ষক ও সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক শিব্বির আহমদ জানান— মুন্না ইতোপূর্বে সিলেট ব্যাডমিন্টন একাডেমী থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সময়ে জুনিয়র দলে বেশ কয়েকবার খেলেছে। এছাড়া সে ভারত ও মালয়েশিয়ায় কয়েকটি ক্লাবে সহকারী কোচ হিসেবে কাজ করেছে।
কখনও বাংলাদেশের জাতীয় দলে সুযোগ না পাওয়া এই শাটলার এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরার সুযোগ পেলেন।
মুন্না জানান— মরিশাসের ব্যাডমিন্টন এসোসিয়েশন বছর খানেক আগ থেকেই তার সঙ্গে যোগাযোগ করছিলো। এ সময় তারা ভারতের কয়েকজনের নামও কোচের তালিকায় পায়। সবশেষ তাকেই বেছে নেয় মরিশাসের ব্যাডমিন্টন এসোসিয়েশন। এজন্য তিনি খুব খুশি। বিদেশের মাটিতে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ কাজে লাগাবেন।




