ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় নিহত ৪
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বুধবার সকালে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
বুধবার (২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহজালাল।
পুলিশ জানায়- ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হওয়ার পর জেলা সদর হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে আরেকজন মারা যান।
ঘটনাস্থলে নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। জেলা সদর হাসপাতালে মারা যান হোসনে আরা বেগম (৪৮) ও ঢাকায় নেওয়ার পথে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২)।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান- সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৮৪৪৩) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে (ব্রাহ্মণবাড়িয়া থ ১১-২২৯৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আরও দুজন মারা যাওয়ার কথা জানতে পেরেছেন বলে জানান।




