রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত : ৩ হাজার ৫০০জন আটক
আন্তর্জাতিক সময়

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই এর প্রতিবাদে রাশিয়ায় বিক্ষোভ চলছে। রবিবারও এর ব্যতিক্রম ছিল না। এদিন রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন এলাকা থেকে সাড়ে ৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়— রবিবার মস্কোয় প্রায় আড়াই হাজার মানুষ রুশ হামলার বিরুদ্ধে বিক্ষোভে নামেন। তাঁদের ১ হাজার ৭০০ জনকে আটক করা হয়েছে। অপরদিকে সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভে নামা ১ হাজার ৫০০ জনের মধ্যে ৭৫০ জন আটক হন। রাশিয়ার অন্যান্য এলাকা থেকে আরও ১ হাজার ৬১ জনকে আটক করা হয়েছে।
রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়— আটক ব্যক্তিদের স্থানীয় থানাগুলোতে রাখা হয়েছে। সেখানে তাঁদের বিচারের আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত হবে।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়াজুড়ে মোট ১০ হাজার ৯৪৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকারবিষয়ক ওয়েবসাইট ওভিডি-ইনফো।
এদিকে, বিক্ষোভ চলছে ইউক্রেনেও। শনিবার বন্দরনগর খেরসনে রুশ সেনাদের সামনেই বিক্ষোভ করেন ইউক্রেনীয়রা। বিক্ষোভস্থলের আশপাশে সাঁজোয়া যানসহ রুশ সেনাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এখন পর্যন্ত ইউক্রেনের বড় শহরগুলোর মধ্যে খেরসনকে দখলে নিতে পেরেছে রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। রুশ হামলা ঠেকাতে পশ্চিমা দেশগুলো নানা রকম নিষেধাজ্ঞা জারি করে চলেছে। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বেলারুশ সীমান্তে দুই দফায় বৈঠকে বসেন। তবে দুবারই কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়। ইউক্রেন বলছে— তারা চলতি সপ্তাহে আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।




